বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ - ০১:১৫
ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা রক্ষায় আমরা সবাই দায়বদ্ধ, বাতিলের বিরুদ্ধে হকের বিজয় কোরআনের অবধারিত ওয়াদা

ইরানের বিশিষ্ট ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল-উজমা জাওয়াদি আমুলি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা রক্ষায় আমরা সবাই দায়বদ্ধ। নিজেদের অবস্থান ও আদর্শ রক্ষার ক্ষেত্রে কোনোভাবেই অসতর্ক হওয়া যাবে না। সমাজের নৈতিকতা, অর্থনীতি, মানুষের প্রয়োজন পূরণ এবং শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করাসহ সব ক্ষেত্রেই প্রত্যেকের দায়িত্ব রয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: গতকাল বুধবার (১৩ আবান ১৪০৫ ফারসি, ৪ নভেম্বর ২০২৬) কোমের মসজিদে আজমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে আয়াতুল্লাহ জাওয়াদি আমুলির সাপ্তাহিক নৈতিক শিক্ষার অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনের শুরুতে তিনি ১৩ আবানের বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান এবং এ দিবসের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি ইসলামি বিপ্লবের শহীদ, বিশেষ করে ১৩ আবানের শহীদ এবং সাম্প্রতিক শহীদদের জন্য দোয়া করেন। মহান আল্লাহর কাছে তাঁদের কারবালার শহীদদের সঙ্গে পুনরুত্থিত করার প্রার্থনাও জানান।

আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি এ অধিবেশনে মহান আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য সম্পর্কে আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর বাণী উল্লেখ করে বলেন, আল্লাহর ওলিরা হলেন এমন ব্যক্তিত্ব, যাঁরা নিজেরা কোরআনকেন্দ্রিক জীবনযাপন করেন এবং সমাজকেও কোরআনভিত্তিক করে গড়ে তোলেন।

তিনি বলেন, হাওজায়ে ইলমিয়া (দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান) ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব হলো কোরআনকে কেন্দ্র করে কাজ করা এবং জ্ঞান ও কর্মের প্রতিটি ক্ষেত্রে ওহির শিক্ষাকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা। আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) আল্লাহর ওলিদের সম্পর্কে বলেছেন,

بِهِمْ عُلِمَ الْكِتَابُ وَ بِهِ عَلِمُوا، وَ بِهِمْ قَامَ الْكِتَابُ وَ بِهِ قَامُوا.

অর্থাৎ, তাঁদের মাধ্যমে কিতাবের জ্ঞান অর্জিত হয় এবং তাঁরা কিতাবের মাধ্যমে জ্ঞান লাভ করেন। তাঁদের মাধ্যমে কিতাব প্রতিষ্ঠিত হয় এবং তাঁরাও কিতাবের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকেন।

সমাজকে কোরআনকেন্দ্রিক করার দায়িত্ব দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের
আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি জোর দিয়ে বলেন, সমাজের জ্ঞানচর্চা ও সামগ্রিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হতে হবে পবিত্র কোরআন। সমাজে জ্ঞানের মূল ভিত্তি হিসেবে কোরআনকে প্রতিষ্ঠা করতে হলে হাওজা ও বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব পালন করতে হবে। একইভাবে সমাজের আন্দোলন ও অগ্রযাত্রার ভিত্তি হিসেবে কোরআনকে প্রতিষ্ঠার দায়িত্বও তাদের ওপর বর্তায়। যদিও আমরা সবাই দায়িত্বশীল, তবে এ ক্ষেত্রে মৌলিক দায়িত্ব হাওজা ও বিশ্ববিদ্যালয়ের আলেম, গবেষক এবং জ্ঞানীদের।

তিনি আরও বলেন, আল্লাহর ওলিরা হলেন এমন ব্যক্তিত্ব, যাঁদের জ্ঞানচর্চার মূল ভিত্তি কোরআন এবং যাঁদের মাধ্যমে সমাজে কোরআনের শিক্ষা বিস্তার লাভ করে। কোরআনের উপস্থিতি, এর সঠিক উপলব্ধি এবং সে অনুযায়ী আমল নিশ্চিত করতে হাওজা ও বিশ্ববিদ্যালয়ের আলেম ও জ্ঞানীদের ভূমিকা অপরিহার্য। তাঁদের নিজেদের কর্মকাণ্ড ও প্রচেষ্টাও কোরআনের ভিত্তিতে পরিচালিত হতে হবে।

পবিত্র কোরআনকে শুধু তিলাওয়াত ও সওয়াব অর্জনের গ্রন্থ হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরআন একটি গবেষণাধর্মী জ্ঞানগ্রন্থ। এই মহাগ্রন্থ আমাদের শেখায়, বিশ্বজগৎ কীভাবে পরিচালিত হয়, কে তা সৃষ্টি করেছেন এবং সৃষ্টিজগতের ব্যবস্থা কোন ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এই জগতের প্রতিটি অণু-পরমাণু জ্ঞান, নিয়ম ও সুনির্দিষ্ট হিসাবের ভিত্তিতে সৃষ্টি করা হয়েছে। এ ব্যবস্থায় কোনো কিছুই কারণ ও বৈজ্ঞানিক নিয়মের বাইরে নয়।

তিনি বলেন, মানুষ তার জ্ঞান অর্জন করে বিশ্বজগৎ ও সৃষ্টির নিয়মাবলি থেকে। একজন কৃষি প্রকৌশলী জানেন, একটি বাগান ফলবান করতে হলে উপযুক্ত মাটি, বীজ, পানি ও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হয়। এগুলো না থাকলে ফল পাওয়া সম্ভব নয়। প্রতিটি গাছের জন্যই রয়েছে নিজস্ব শর্ত ও বিশেষ ব্যবস্থা। মানুষের সব জ্ঞানের উৎস এই সৃষ্টিজগৎ, যা মহান আল্লাহ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। মানুষ নিজে থেকে কোনো জ্ঞানের অধিকারী হয়নি; বরং বিশ্বজগৎ থেকেই জ্ঞান অর্জন করেছে। সুতরাং এই বিশ্বজগৎই আল্লাহর কিতাব।

কোরআনের সঙ্গে আলেম ও জ্ঞানচর্চাকারীদের আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু জুমার রাতে সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তিলাওয়াত করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের প্রত্যেকের উচিত কোরআন অধ্যয়নের জন্য একটি নিয়মিত কর্মসূচি গ্রহণ করা। সাধারণ পাঠ্যবিষয়ের মতো প্রত্যেকেরই কোরআনের একটি পূর্ণাঙ্গ পাঠচক্র থাকা উচিত। শুরুতেই গভীর তাফসিরে প্রবেশ করার প্রয়োজন নেই; বরং আয়াতগুলোর মূল বক্তব্য ও সামগ্রিক শিক্ষা বোঝার চেষ্টা করতে হবে। প্রয়োজন হলে আরও ভালোভাবে বোঝার জন্য তাফসিরের সহায়তা নিতে হবে।

তাফসিরে তাসনিম গ্রন্থ প্রণয়নে কয়েক প্রজন্মের গবেষকদের অবদানের কথা উল্লেখ করে আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি বলেন, এটি হাওজা ইলমিয়ার সম্মিলিত প্রচেষ্টার ফসল; কোনো এক ব্যক্তির একক কাজ নয়। প্রায় ৪০ বছর ধরে চার প্রজন্মের গবেষক এ কাজে যুক্ত ছিলেন। প্রতিটি প্রজন্ম প্রায় ১০ বছর করে নিজেদের চিন্তা, উপলব্ধি এবং হাওজা ও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে গবেষণা করেছেন, বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন এবং সেগুলোর উত্তর অনুসন্ধান করেছেন। এত দীর্ঘ প্রচেষ্টার পরও যা লেখা হয়েছে, তা কোরআনের বিশাল জ্ঞানসমুদ্রের এক বিন্দুমাত্র। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের সবাইকে কোরআন পাঠক ও গবেষক হতে হবে।

বাতিলের বিরুদ্ধে হকের বিজয় কোরআনের অবধারিত ওয়াদা
সত্য ও মিথ্যার সংঘাতের ক্ষেত্রে আল্লাহর চিরন্তন বিধান তুলে ধরে আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি বলেন, অতীত ও বর্তমানের সব ঘটনার ক্ষেত্রেই সত্য ও মিথ্যার লড়াই সম্পর্কে পবিত্র কোরআন আমাদের শিক্ষা দেয় যে, সত্যেরই বিজয় হবে। বাতিল কখনো হকের বিরুদ্ধে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে না।

এ প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনের এই আয়াত উল্লেখ করেন,

لِیُحِقَّ الْحَقَّ وَیُبْطِلَ الْبَاطِلَ.

অর্থাৎ, ‘যাতে সত্যকে প্রতিষ্ঠিত করা যায় এবং অসত্যকে বিলুপ্ত করা যায়।’

তিনি বলেন, এটি একটি সার্বজনীন মূলনীতি এবং সৃষ্টিজগতের ব্যবস্থার অবধারিত বিধান।

শত্রুদের হামলা, নেতা, বিজ্ঞানী, সাধারণ মানুষ ও বাসিজ বাহিনীর সদস্যদের শাহাদাত এবং বিশেষ করে মিনাবের সন্তানদের প্রাণহানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, শত্রুরা হামলা চালিয়েছে, ক্ষয়ক্ষতি করেছে এবং আমাদের প্রিয়জনদের শহীদ করেছে—এ কথা সত্য। কিন্তু এ পরিস্থিতিতে আল্লাহর প্রতিশ্রুতির কথা ভুলে গেলে চলবে না। আমেরিকা ও ইসরায়েলের পরাজয় অবধারিত। পবিত্র কোরআন সত্যের অনুসারীদের বলছে, তোমরা উদ্বিগ্ন হয়ো না। সত্য ও মিথ্যার মধ্যে যেখানেই সংঘাত হবে, সত্যেরই বিজয় হবে। এটি কেবল অদৃশ্য জগতের কোনো সংবাদ নয়; বরং মহান আল্লাহ বিশ্বজগতে যে চিরন্তন নিয়ম ও ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, তারই ঘোষণা।

তিনি আরও বলেন, পবিত্র কোরআনে এসব বিষয় বারবার তুলে ধরার উদ্দেশ্য হলো, মুমিন সমাজ যেন সত্য ও মিথ্যার লড়াইয়ে ভীত ও দ্বিধাগ্রস্ত হয়ে না পড়ে। সত্যের বিজয় আল্লাহর অবধারিত প্রতিশ্রুতি এবং ইসলাম ও মুসলমানদের সফলতা নিশ্চিত।

ইসলাম সাহসী ও বীরত্বপূর্ণ মানুষ গড়ে তোলার ধর্ম
এরপর আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি দেশের প্রতিরক্ষা এবং আগ্রাসীদের মোকাবিলাসংক্রান্ত হাদিসের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসলামি শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো মানুষকে বীর, সংগ্রামী ও সাহসী হিসেবে গড়ে তোলা। ইসলাম সাহসী ও বীরত্বপূর্ণ মানুষ তৈরির ধর্ম।

ইমাম বাকের (আ.) ও ইমাম সাদিক (আ.)-এর বর্ণিত হাদিসে আমিরুল মুমিনিন হজরত আলী (আ.)-এর প্রতিরক্ষানীতি ও আগ্রাসীদের মোকাবিলার দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, এসব বর্ণনা নামাজের বিধিবিধান কিংবা সাধারণ বিষয়াবলি নিয়ে নয়। বরং এসব হাদিসে হজরত আলী (আ.) ও তাঁর সম্মানিত পূর্বপুরুষের কাছ থেকে বর্ণিত হয়েছে যে, কোনো আগ্রাসী ব্যক্তি যখন মানুষের ভূখণ্ড ও মাতৃভূমিতে হামলা চালায়, তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হাদিসে বলা হয়েছে, ‘যে আগ্রাসী তোমাদের ভূখণ্ডে হামলা করেছে, যারা তোমাদের মাতৃভূমিতে অনুপ্রবেশ করেছে—সেই আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করো এবং তাদের হত্যা করো; তাদের রক্তের দায়ভার আমি গ্রহণ করব।’

প্রতিরক্ষার ময়দানে সর্বদা সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, আমিরুল মুমিনিন হজরত আলী (আ.) তাঁর একটি চিঠিতে যোদ্ধাদের উদ্দেশে বলেছেন,

 وَ لَا تَذُوقُوا النَّوْمَ إِلَّا غِرَاراً أَوْ مَضْمَضَةً.

অর্থাৎ, ‘প্রয়োজনীয় সামান্য সময় ছাড়া ঘুমের স্বাদ গ্রহণ করো না।’ যেমন একজন রোজাদার পানি দিয়ে কুলি করেন, কিন্তু সতর্ক থাকেন যেন তা গিলে না ফেলেন; তেমনি একজন যোদ্ধাকেও নিজের অবস্থান পাহারা ও রক্ষার দায়িত্ব পালনের সময় অসতর্ক হওয়া যাবে না। সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে।

ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা রক্ষায় সবার দায়িত্ব রয়েছে
আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি জোর দিয়ে বলেন, এই দায়িত্ব শুধু সামরিক বাহিনী কিংবা রাষ্ট্রীয় কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা সবাই দায়িত্বশীল এবং প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব রয়েছে। ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা রক্ষায় সমাজের নৈতিকতা, অর্থনীতি, মানুষের প্রয়োজন পূরণ এবং শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করাসহ প্রতিটি ক্ষেত্রে আমাদের দায়িত্ব পালন করতে হবে।

ইসলামি ব্যবস্থার মর্যাদা ও শক্তিমত্তা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আমরা আশা করি, কোরআন ও আহলুল বাইতের বরকতে এই ব্যবস্থা যথাযথভাবে হজরত ইমাম মাহদী (আ.ফা.)-এর হাতে অর্পিত হবে এবং শত্রুদের সব ষড়যন্ত্র ও শত্রুতা অপমান ও ব্যর্থতায় পর্যবসিত হবে।

অধিবেশনের শেষ পর্যায়ে তিনি দেশ ও জনগণের মর্যাদা, সম্মান ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে ইসলাম ও বিপ্লবের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের কারবালার শহীদদের সঙ্গে পুনরুত্থিত করার প্রার্থনা জানান।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha